নয়া দিল্লী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ছত্তিশগড়ে আবার মাওবাদীদের ভুমিমাইন হামলায় একটি যাত্রীবাহী বাস বিধ্বস্ত হয়ে পুলিশসহ ২০ জন নিহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার বিকালে দান্তেওয়াদা রাজ্য সড়কে মাওবাদীরা যাত্রীবাহী বাসে ভূমিমাইন বিস্ফোরণ ঘটায়। বাসটিতে মোট ৪০-৪৫ জন যাত্রী ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ হামলায় ১০ নিরাপত্তা কর্মকর্তাসহ অন্ততপক্ষে ৩৩ জন নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে, কমপক্ষে ২০-২৫ জন নিহত হয়েছে এবং অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, ৫০ জন নিহত হয়ে থাকতে পারে।
ছত্তিশগড়ের দান্তেওয়াদা গত চার দশক ধরে বিদ্রোহীদের হামলার মূল কেন্দ্র হয়ে উঠেছে। এখানে মাওবাদীদের হামলায় হাজার হাজার লোক নিহত হয়েছে। ভারতীয় সরকার এ জায়গাটিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে।
সোমবার এ হামলার কিছুদিন আগেই দান্তেওয়াদায় আরেকটি বড় ধরনের মাওবাদী হামলায় নিহত হয়েছিল ৭০ জনেরও বেশি পুলিশ। এবারের হামলায় মাওবাদীরা পুলিশের পরিবর্তে বেসামরিক লোকদের বেছে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24