২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমস স্কয়ার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টায় জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 09:29 PM

নিউ ইয়র্ক, ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টায় জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ার শহরতলি থেকে তিন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। ওদিকে, পাকিস্তানে এ ঘটনায় জড়িত সন্দেহে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ মে ওই হামলা চেষ্টা চালানোর সন্দেহে গ্রেপ্তার ফয়সল শাহজাদকে অর্থ জুগিয়ে থাকতে পারে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া তিনজন। মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার একথা বলেন। ওদিকে, পাকিস্তানে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ফয়সল শাহজাদকে বোমা বানানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তানের আদিবাসী এলাকায় যেতে সাহায্য করেছে বলে জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে একথা জানায়। পত্রিকাটি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আটক ব্যক্তি টাইমস স্কয়ারের ঘটনায় তেহরিক-ই- তালেবান পাকিস্তান (টিটিপি) এর জড়িত থাকার প্রমাণ দিয়েছেন। ব্যর্থ বোমা হামলার ঘটনার দায় টিটিপিও স্বীকার করেছে। এটি সত্য হলে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো অভিযান চালালো টিটিপি। মার্কিন কৌঁসুলিরা জানান, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শাহজাদ হামলা পরিকল্পনার কথা এবং পাকিস্তানে আল কায়েদা ও তালেবানের শক্তিশালী ঘাঁটি থেকে বোমা বানানোর প্রশিক্ষণ গ্রহণের কথা স্বীকার করেছেন। তবে শাহজাদের দাবি, এর পেছনে তিনি একাই ছিলেন। বোস্টনের ওয়াটারটাউনের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দু'জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে শোনা গেছে। ম্যাসাচুসেটস কর্তৃপক্ষ জানায়, আটককৃতরা পুলিশের তত্ত্বাধধানে থাকবে। তবে কত দিন, তা জানায়নি। ওয়াশিংটনে হোল্ডার সাংবাদিকদের বলেন, " শাহজাদের সঙ্গে আটক ব্যক্তিদের যোগসাজশ ছিল। তবে তা কি ধরনের ছিল সেটা আমরা খতিয়ে দেখছি।" গেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে তিনি বলেন, "এরা শাহজাদকে তহবিল যুগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৪০ ঘ.