২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিচার বিভাগের সংস্কার চাইছেন একুইনো

ক্ষমতায় যাওয়ার আগেই সিনেটর বেনিগনো একুইনো ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্টের প্রশাসনের দুর্নীতি তদন্তের ঘোষণা দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 08:59 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ম্যানিলা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতায় যাওয়ার আগেই সিনেটর বেনিগনো একুইনো ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্টের প্রশাসনের দুর্নীতি তদন্তের ঘোষণা দিলেন। বুধবার তিনি জানান, প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল এরোইয়ো প্রশাসনের দুর্নীতিসহ নানা বিষয় তদন্ত করে দেখতে শিগগিরই বিচার বিভাগের সংস্কার সম্পূর্ণ করবেন। ফিলিপাইনের নির্বাচনে বেনিগনো একুইনো জয়ী হচ্ছেন এটি প্রায় নিশ্চিত। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বুধবারের পর্যন্ত ভোট গণনায় তিনি জয়ের পথেই। এরোইয়ো বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে রেনাটো করোনাকে নিয়োগ দেওয়ায় বিচার ব্যবস্থার সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে একুইনো জানান। ম্যাকাপাগাল অবশ্য বলেছেন, তার মেয়াদকাল শেষ হওয়ার পর ৩০ জুন শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করবেন। দুর্নীতিবিরোধী ও শাসনব্যবস্থার উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো একুইনো রয়টার্সকে বলেন, "আমাদের বিচার বিভাগেরও সংস্কার জরুরি হয়ে পড়েছে। আমরা চাই না আগামী দু দশক আদালতের ভেতরে কোনও আইনি লড়াইয়ে বন্দি হয়ে যাই।" এরোইয়োর প্রধান বিচারপতি নিয়োগ ঘোষণার পর আদালতের বিচারকরা আদেশ জারি করে, আইন মেনেই এই নিয়োগ দেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক নিয়োগ নয়। তবে এ ঘোষণায় এরোইয়ো বিরোধীরা প্রতিবাদে ফেটে পড়ে। তাদের ধারণা, এ নিয়োগের মাধ্যমে এরোইয়ো নিজেকে তদন্ত থেকে বাঁচানোর চেষ্টা করছেন কিংবা নির্বাচনে পরাজিত হলেও যাতে ক্ষমতায় থাকতে পারেন, সে ব্যবস্থা করছেন। এরোইয়ো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনী কারচুপি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে প্রতিশ্র"তিবদ্ধ একুইনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪৫৪ঘ.