লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন সরকার গঠনে রানির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন।
এর আগে মঙ্গলবার বিকালে গর্ডন ব্রাউন রানির কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের মধ্য দিয়ে লেবার পার্টির ১৩ বছরের শাসনের অবসান হলো।
গত সপ্তাহে ব্রিটেনের নির্বাচনে কনজারভেটিভ পার্টি সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।
লেবার পার্টি দ্বিতীয় ও লিবারেল ডেমোক্র্যাটরা তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়।
নতুন সরকার গঠনে গত পাঁচ দিন ধরে কনজারভেটিভ ও লেবার উভয় পক্ষই লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছানের চেষ্টা করে। কিন্তু মঙ্গলবার বিকালে লেবার পার্টির সমঝোতায় পৌঁছাতে ব্যর্থতার বিষয়টি পরিষ্কার হওয়ার পর ব্রাউনের পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প থাকে না।
ব্রাউন তার ডাউনিং স্ট্রিট কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, "রানির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগ্রহের কথা আমি তার ব্যক্তিগত সচিবকে জানিয়েছি।"
আবেগ জড়িত কণ্ঠে ব্রাউন বলেন, "রানিকে আমি অনুরোধ করবো পদত্যাগপত্র গ্রহণ করে কনজারভেটিভ নেতা ক্যামেরনকে নতুন সরকার গঠনের আহ্বান জানাতে।"
নতুন প্রধানমন্ত্রীর কল্যাণ কামনা করেন তিনি।
ব্রাউনের বক্তব্যে নতুন সরকার গঠনে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটদের সমঝোতায় পৌঁছানোর বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০১৫১ ঘ.
bdnews24