২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আফগানিস্তানের পপিচাষ প্রতিরোধ অভিযান ব্যাহত

আফগানিস্তানে পপিচাষ বন্ধ করতে উঠেপড়ে লাগা কর্মকর্তাদের উপর মাদক মাফিয়া ও সন্দেহভাজন তালেবান জঙ্গিদের হামলা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরও আশা করা হচ্ছে, গত বছরের তুলনায় এ বছর দেশটিতে পপি চাষ কমবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

কাবুল, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে পপিচাষ বন্ধ করতে উঠেপড়ে লাগা কর্মকর্তাদের উপর মাদক মাফিয়া ও সন্দেহভাজন তালেবান জঙ্গিদের হামলা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরও আশা করা হচ্ছে, গত বছরের তুলনায় এ বছর দেশটিতে পপি চাষ কমবে। মাদক প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র জালমাই আফজালি জানান, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পপিচাষ প্রতিরোধ অভিযান ব্যাহত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে, যেখানে তালেবানদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। দেশটির দশটি প্রদেশের পপিক্ষেতে অভিযান চালাচ্ছে সরকার। তবে হামলা বেড়ে যাওয়ায় পাঁচটি প্রদেশে অভিযান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে কর্মকর্তারা জানান। আফজালি এক সংবাদ সম্মেলনে বলেন, "নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পাশাপাশি হামলা বেড়ে যাওয়ায় পুলিশকে ওসব অঞ্চলে অভিযান বন্ধ করে দিতে হয়েছে।" জাতিসংঘের তথ্য মতে, পপি সরবরাহে আফগানিস্তানই বিশ্বের মূল উৎসভূমি। ২০০৮ সালে দেশটি বিশ্বের ৯০ শতাংশ পপি চাষ করে। এ পপি থেকেই মাদক হেরোইন প্রস্তুত হয়। বিশ্লেষকদের মতে, বিদেশি ও আফগান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এ পপি চাষই তহবিল যোগাতে সহায়তা করে তালেবানদের। খোদ আফগানিস্তানেই ১৫ লাখ মাদকসেবীর বাস। তিনি জানান, আড়াই হাজার হেক্টরেরও বেশি জমির পপি চারা ধ্বংস করেছে পুলিশ। আর এটাই চলতি বছর পপি উৎপাদন কমাতে সাহায্য করবে। আফজালি মাদক সমস্যা নিরসনে মার্কিন বাহিনীর প্রশংসা করলেও ইউরোপের অন্যান্য দেশের সমালোচনা করতে ছাড়েননি পর্যাপ্ত সহায়তা না দেওয়ায়। ইউরোপে আফগান হেরোইনের বিশাল বাজার আছে। তিনি দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের গভর্নরেরও সমালোচনা করেন, ওই অঞ্চলে পপি চাষ বন্ধে কোনও সাহায্য করতে ব্যর্থ হওয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৫ ঘ.