নিউ ইয়র্ক, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের টাইম স্কয়ারে গত সপ্তাহের ব্যর্থ বোমা হামলা প্রচেষ্টার পর পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে অবিলম্বে সক্রিয় ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাষ্ট্র।
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শনিবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা তালেবান অধ্যুষিত আদিবাসী এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের আশু ব্যবস্থা চায়।
নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকেই উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে সেনা অভিযান অবিলম্বে শুরুর জন্য কায়ানিকে তাগাদা দিয়েছেন ম্যাকক্রিস্টাল।
যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন গত কয়েক মাস ধরে জঙ্গি দমনে পাকিস্তানের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও এখন সে অবস্থান থেকে সরে এসে ইসলামাবাদকে অবিলম্বে জঙ্গি বিরোধী অভিযানের জন্য চাপ দিচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমেস এর প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা কায়ানিকে বলেছেন,"পাকিস্তানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কোনো হামলা হলে আমরা দেশটিতে অভিযান চালাতে বাধ্য হব।" যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস একথা জানিয়েছে।
ওদিকে, পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিউ ইয়র্ক বোমা হামলা চেষ্টার পর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যান প্যাটারসন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে কড়া গলায় বলেছেন, পাকিস্তানকে জঙ্গি দমনে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।
নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার পাকিস্তানি বংশদ্ভূত শাহজাদ ফয়সলকে গেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। গ্রেপ্তারের দু'দিন পর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফয়সলের জঙ্গি যোগসাজশের কথা বলে।
শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, ফয়সলের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের সত্যতা যাচাই করতে কাজ করে যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24