লিজবন, ০৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইসল্যান্ডের আগ্নেয়গিরির উদগিরীত ধোঁয়া ও ছাইয়ে সৃষ্ট মেঘের কারণে রোববার ফ্রান্স, ইতালি ও পর্তুগালের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত মাসে এ অগ্নুৎপাতের ফলে বিমান চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্থ হয়।
ফান্স কর্তৃপক্ষ জানায়, নাইস, লিয়ন, বরডেক্স ও প্যারিস বিমানবন্দরে প্রায় ৭০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর বেশিরভাগই ইতালি ও পর্তুগালে যাওয়ার কথা ছিল। ছাইমেঘের ঝুঁকি এড়াতে ইতালি ও পর্তুগালের আকাশপথ বন্ধ রাখা হয়েছে।
পর্তুগালের উত্তরাঞ্চলীয় শহর পোর্তোতে রবিবার গ্রীনিচ মান সময় ১২ টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তারা একথা জানান।
সা কারনেইরো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা এএফপিকে জানান, বিমানবন্দর খোলা আছে। কিন্তু মেঘের কারণে বিমান চালনা সম্ভব হচ্ছে না।
ইতালি কর্তৃপক্ষ জানায়, একই কারণে তারা গ্রীনিচ মান সময় ৬ টা থেকে ১২ টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের আকাশপথ বন্ধ রেখেছে।
১৪ এপ্রিল থেকে শুরু হওয়া অগ্নুৎপাতের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপে এত ব্যাপক হারে বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ১ লাখের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এতে দুর্ভোগ পোহাচ্ছে ৮ মিলিয়ন মানুষ। বিমান শিল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এ দূর্যোগের কারণে তাদের ২ দশমিক ৫ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪২ ঘ.
bdnews24