২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল গ্রিস

সর্বাত্মক ধর্মঘটে বুধবার অচল হয়ে পড়েছে গ্রিস। কঠোর ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া গ্রিক সরকারের জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দেখা দিয়েছে এ প্রতিবাদ-ধর্মঘট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 09:10 PM

এথেন্স, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সর্বাত্মক ধর্মঘটে বুধবার অচল হয়ে পড়েছে গ্রিস। কঠোর ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া গ্রিক সরকারের জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দেখা দিয়েছে এ প্রতিবাদ-ধর্মঘট। ধর্মঘটে গ্রিসের বাস, ফেরি চলাচল বন্ধ রয়েছে। ব্যয় কমানো ও কর বাড়ানোর সরকারের নতুন পদক্ষেপের প্রতিবাদে বিমান কর্মীরাও ধর্মঘটে অংশ নেওয়ায় বিমান চলাচলও বন্ধ রয়েছে। লাখ লাখ সরকারি কর্মকর্তা মঙ্গলবার বিক্ষোভ শুরু করে। প্রায় ২শ জন কমিউনিস্টও তাদের সঙ্গে যোগ দিয়েছে। এসব বিক্ষোভকারী এথেন্সের এক্রোপলিসে জড়ো হয়েছে। "ইউরোপের জনগণ, জেগে ওঠো' লেখা ব্যানার হাতে স্লোগান দিচ্ছে তারা। বেসরকারি ইউনিয়ন জিএসইই'র প্রধান গিয়ান্নিস পানাংগোপোলাস বলেন, "ধনীরা কিছুই দিচ্ছে না অথচ গ্রিসের লোকজনকে আত্মত্যাগ করতে বলা হচ্ছে।" গ্রিসের প্রধান ইউনিয়ন সকাল ১১ টার সময় এথেন্সের কেন্দ্রস্থলে সমবেত হয়। এরপর তারা পার্লামেন্ট ভবন অভিমুখে মিছিল বের করে। এ মিছিল সম্পর্কে সরকারি কর্মকর্তারা বলেন, "কোনো ধরনের পরিণতি ছাড়াই এ দেশে অনেক ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। আমরা এর সঙ্গে পরিচিত।" অর্থনৈতিক উদ্ধার প্যাকেজের বিনিময়ে গত রোববার এ কঠোর ব্যয় হ্রাস পরিকল্পনা ঘোষণা করে গ্রিস। বিভিন্ন খাতে খরচ কমানো, কর বাড়ানো, সরকারি কর্মকর্তাদের বছর শেষের বোনাস বন্ধ করা ও পেনশন কমানোর পদক্ষেপ রয়েছে এ পরিকল্পনায়। অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থায় পড়া গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ এর কাছ থেকে প্রয়োজনীয় ১২০ বিলিয়ন ইউরো পেতে জাতীয় পর্যায়ে এ ত্যাগ স্বীকারের পদক্ষেপ নিয়েছে। এ কঠোর বিল পার্লামেন্টে জমা দিয়েছে সরকার। সেখানে এটি সহজেই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে। বিলটি নিয়ে বৃহস্পতিবার ভোট হবে বলে মনে করা হচ্ছে। গ্রিসকে সাহায্য দেওয়ার বিষয়টি নিয়ে ইউরোজোনের দেশগুলোর অর্থমন্ত্রীরা রোববার বিশেষ বৈঠক করেছেন ব্রাসেলসে। তার আগেই উদ্ধার প্যাকেজের জন্য ঋণশর্ত পূরণে কঠোর কৃচ্ছতা পরিকল্পনা ঘোষণা করে গ্রিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ ঘ.