বিশকেক, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভকে বেলারুস থেকে দেশে ফেরানোর পথ খুঁজতে মঙ্গলবার কৌঁসুলিদের আদেশ দিয়েছে অন্তবর্তী সরকার।
কিরগিজ সরকার মঙ্গলবার একথা জানিয়েছে। গত মাসে সর্হিস বিদ্রোহের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাকিয়েভ বেলারুসে পলাতক রয়েছেন।
কিরগিজ সরকার এক ডিক্রি জারি করে বলেছে, "কৌঁসুলিদের কার্যালয় বাকিয়েভকে কিরগিজিস্তানে ফিরিয়ে আনবে এবং তার অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
বাকিয়েভের বিরোধী দলের একাংশের গঠিত কিরগিজ অন্তবর্তী সরকার ৭-৮ এপ্রিল বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ৮৫ জনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হওয়ায় বাকিয়েভের বিরুদ্ধে হত্যাযজ্ঞের অভিযোগ তুলেছে।
বাকিয়েভ বলেছেন, মধ্য কিরগিজস্তানে আমেরিকার বিমান ঘাঁটি চালানোর সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়া তার উপর ক্ষিপ্ত হয় এবং তার ক্ষমতাচ্যুতির পেছনে এটি একটি কারণ। কিন্তু রাশিয়া এক্ষেত্রে তাদের কোনো ধরণের সম্পৃক্তা অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ ঘ.
bdnews24