২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার প্রতি আরব লিগের সমর্থন

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আরব লিগ নেতারা সমর্থন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 10:14 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

কায়রো, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আরব লিগ নেতারা সমর্থন জানিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। কায়রোতে আরব নেতাদের এক বৈঠক শেষে আরব লিগ মহাসচিব আমর মুসা সাংবাদিকদের জানান, আঞ্চলিক এ সংস্থাটি ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা সমর্থন করবে। তিনি জানান, গত মার্চে পরোক্ষ আলোচনার কাঠামো যা নির্ধারণ করা হয়েছিল, তাই থাকবে। সেইসঙ্গে পরোক্ষ আলোচনা থেকে ফলাফল না আসা পর্যন্ত প্রত্যক্ষ আলোচনার শুরু হবে না। আরব লিগের এ সমর্থন ফিলিস্থিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালের ডিসেম্বরে গাজায় তিন সপ্তাহ ধরে লড়াই চলার পর এ আলোচনা বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব এরাকাত রয়টার্সকে বলেন, আরব লিগের এ সমর্থনের শর্ত হিসেবে ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করতে হবে। তিনি বলেন, "ইসরায়েল যদি পশ্চিম তীরে আর একটি বসতি স্থাপন করে, তবে তৎক্ষণাৎ আমরা আলোচনা বন্ধ করে দেব।" তিনি জানান, আলোচনায় বসার ক্ষেত্রে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও)। গত মার্চে আরব লিগের সংখ্যাগরিষ্ঠ দেশই আলোচনা শুরু করার ব্যাপারে সমর্থন জানিয়েছিল। তবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে ১৬ শ' ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিলে আলোচনা ভেঙ্গে যায়। ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের মতো এ ধরনের কোনও প্রকল্প বন্ধ করতেও অস্বীকৃতি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৪ ঘ.