দাগেস্তান, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----রাশিয়ার দাগেস্তানে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে দুইজন পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র জানান, দাগেস্তানের রাজধানী মাখাচাকলা থেকে ১০০ কিলোমিটার উত্তরে একটি তল্লাশিকেন্দ্রে পুলিশ হামলাকারীর গাড়ি থামালে সে বোমার বিস্ফোরণ ঘটায়।
এতে দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছে। অন্যদিকে, আরও ছয়জন পুলিশসহ ১১ জন বেসামরিক লোক এই হামলায় আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে।
রাশিয়ায় চেচনিয়ার সীমান্তবর্তী উত্তর ককেশীয় অঞ্চলে দাগেস্তান অবস্থিত। এ অঞ্চলে প্রায়ই জঙ্গি হামলা হয়।
দাগেস্তানে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্য এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এর আগেও হামলা হয়েছে।
২৯ মার্চ মস্কোর মেট্রোরেলে দাগেস্তানের এক নারী আত্মঘাতীর বোমা হামলায় ৪০ জন নিহত হওয়ার প্রায় এক মাস পর এ বোমা বিস্ফোরণ ঘটলো।
মস্কোর মেট্রোরেলে বোমা হামলার পর ককেশাস অঞ্চলের জঙ্গিরা রাশিয়ার কেন্দ্রস্থলে আরও হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24