২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু, সন্ত্রাস ইস্যুতে সার্ক নেতাদের ব্যর্থতা স্বীকার

থিম্পুতে বুধবার সার্ক সম্মেলনের উদ্বোধনী দিনে নেতারা এ অঞ্চলকে সংঘাতমুক্ত করা এবং জলবায়ু পরির্তন ও সন্ত্রাস মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 03:50 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

থিম্পু, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- থিম্পুতে বুধবার সার্ক সম্মেলনের উদ্বোধনী দিনে নেতারা এ অঞ্চলকে সংঘাতমুক্ত করা এবং জলবায়ু পরির্তন ও সন্ত্রাস মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর ষোড়শ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে বলেন, এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। থিনলে জানান, দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সার্ক প্রতিষ্ঠার ২৫ বছরেও উল্লেখযোগ্য সাফল্য আসেনি। তিনি বলেন, "আমরা আস্থা হারাচ্ছি।" সার্কের দুই সদস্য রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ ও উত্তেজনার কথা উল্লেখ করে এর জন্য আঞ্চলিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি। এ অবস্থা পরিবর্তনের অঙ্গীকার করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, "বিছিন্নতা ও বিরোধ এ অঞ্চলের সমৃদ্ধি ব্যাহত করছে।" ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সার্কের সদস্য দেশ। এ সংস্থা ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, প্রতিষ্ঠার লক্ষ্য অনেকাংশে হারিয়ে ফেলেছে সার্ক। ভূটানে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদেরকে পৃথক ও সমষ্টিকভাবে কাজ করতে হবে। অন্যদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকিস্তানের সীমান্ত অঞ্চলে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইসলামাবাদের সমালোচনা করে জঙ্গিদের সমূলে উচ্ছেদ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৫ ঘ.