নিউ অরলিনস, লুসিয়ানা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরে গত বুধবার আগুন লেগে বিস্ফোরিত তেলক্ষেত্র থেকে তেল নি:সরণে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে।
তেল নিঃসরণ বন্ধ না করা গেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘনিয়ে আসার ব্যাপারে সতর্ক করে দিয়েছে উপকূলরক্ষীরা।
তেল নিঃসরণ বন্ধের নানা চেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে। নামানো হয়েছে রোবোটিক সাবমেরিন। কূপের তেল নিঃসরণ বন্ধ করতে তার ওপর বসানোর জন্য বিশাল গস্বুজ আকারের একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে।
তাছাড়াও ছড়িয়ে পড়া তেল পোড়া নিয়ন্ত্রণে আনতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ৪৫০ টন ওজনের মেশিন দিয়ে তেলকূপ সীল করে দেওয়া হতে পারে। এতে করে উপকূলীয় এলাকাগুলোকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করা যাবে। যদিও তেলকূপ সীল করার এ পক্রিয়া এখন পর্যন্ত সফল হয়নি।
মঙ্গলবার চারটি রোবোটিক সাবমেরিন দিয়েও তেলকূপের মাথায় রিগের সঙ্গে লাগানো পাইপের দুটি ফুটো বন্ধ করা যায়নি।
ফলে প্রতিদিন সেখান থেকে অন্তত ৪২ হাজার গ্যালন তেল সমুদ্রে মিশছে। এতে করে সামুদ্রিক প্রাণী পরিবেশ মারাত্মক হুমকির মুখোমুখি হওয়ার পাশাপাশি মৎস চাষ ব্যাহত হচ্ছে। যা ওই অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ সপ্তাহান্তেই গোটা অঞ্চলে এর আরো ক্ষতিকর প্রভাব দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ পেট্রোলিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রান্সওশানের মুখপাত্র বিল স্যালভিন এএফপিকে জানিয়েছেন, প্রায় সাড়ে পাঁচশ বর্গমাইল এলাকায় তেল ছড়িয়ে পড়ছে। সমুদ্রের পানি থেকে তেল পরিস্কার করার জন্য জাহাজ নামানো হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
মেক্সিকো উপসাগরে বৃটিশ পেট্রোলিয়াম পরিচালিত গভীর সমুদ্রের এই তেলক্ষেত্রটির রিগে আগুন লেগে এটি বিস্ফোরিত হয়। এতে নিহত হয় ওই তেলক্ষেত্রে কর্মরত ১১ কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩২ ঘ.
bdnews24