বাগদাদ, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী ৫২ প্রার্থীর ভোট বাতিল করেছে ইরাকের রিভিউ প্যানেল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এতে করে নির্বাচনের ফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা সুন্নি সমর্থিত জোটের।
সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বাথ পার্টির সঙ্গে অবৈধ সংশ্রব থাকায় নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত কতজন প্রার্থী ৭ মার্চের নির্বাচনে আসন জিতেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিভিউ প্যানেলের এ সিদ্ধান্তে নির্বাচনের ফলে রদবদল ঘটলে সুন্নিরা ক্ষেপে উঠতে পারে।
প্যানেলের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করেছেন বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থীতা বাতিল সংক্রান্ত কমিশনের উর্ধ্বতন সদস্য আলি আল লামি, প্রধানমন্ত্রী নূরি আর মালিকির 'স্টেট অব দ্য ল কোয়ালিশন' এর আইনজীবী তারিক হার্প এবং নির্বাচনে জয়ী ইরাকিয়া এলায়েন্স এর ঊর্ধ্বতন সদস্য মুস্তফা আল হিতি।
হিতি বলেন, "রিভিউ প্যানেলের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তা ইরাকে গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অনিষ্টকর হয়ে দাঁড়াতে পারে।"
তবে তিনি রয়টার্সকে বলেন, এ সিদ্ধান্তের কারণে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া পরবর্তী ৩২৫ আসনের পার্লামেন্টে ৯১ আসনের একটিও হারাবে বলে মনে করছে না।
অন্যদিকে, তারিক হার্প বলেছেন, প্যানেলের সিদ্ধান্তের কারণে দুই তিনজন বিজয়ী প্রার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে।
নির্বাচনী ফলে কোনওরকম পরিবর্তন ঘটলে ২য় অবস্থানে থাকা স্টেট অব ল কোয়ালিশন সুবিধাজনক অবস্থানে চলে যাবে বলেই মনে করা হচ্ছে।
বাগদাদে আগামী সপ্তাহে ভোট পুনর্গণনা শুরুর আগেই প্যানেল এ সিদ্ধান্ত জানাল। এতে করে ভোটের ফল উল্টে যাওয়ার পাশাপাশি সুন্নিদের ক্ষোভ সঞ্চার হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫২ ঘ.
bdnews24