২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে জোর আন্দোলনে লাল শার্টরা

থাইল্যান্ডে জোর আন্দোলনের শপথ নিয়েছে লাল শার্ট বিক্ষোভকারীরা। সরকার লাল শার্টদের দাবি প্রত্যাখ্যান করার পর তারা আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 05:35 AM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ব্যাংকক, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে জোর আন্দোলনের শপথ নিয়েছে লাল শার্ট বিক্ষোভকারীরা। সরকার লাল শার্টদের দাবি প্রত্যাখ্যান করার পর তারা আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে লড়াই করে আন্দোলনে এগিয়ে যাওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে লাল শার্ট বিক্ষোভকারী নেতারা। বিক্ষোভকারীরাও এ আহ্বানে সাড়া দিয়ে কমপক্ষে দুই জায়গায় পুলিশের গাড়িবহরে বাধা দিয়েছে। বিক্ষোভকারীদের এ বেপরোয়া আন্দোলনে থাইল্যান্ডে আরও অস্থিরতা এবং হতাহতের ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ব্যাংককের প্রায় পাঁচশ' কিলোমিটার উত্তরের উদোন থানি প্রদেশের এক স্থানীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, রাজধানীর নিরাপত্তা জোরদার করতে মোতায়েন দেড়শ' পুলিশ বহনকারী যান আটকে দিয়েছে কয়েকশ' লাল শার্ট বিক্ষোভকারী। এছাড়া ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার উত্তরের পাথুন থানি প্রদেশে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় দুইশ' পুলিশকে শহরে ঢুকতে দেয়নি বিক্ষোভকারীরা। সরকারের পদত্যাগ ও অবিলম্বে নির্বাচনের দাবিতে লাল শার্টরা ব্যাংককে বিক্ষোভ করছে। অচলাবস্থা নিরসনে শুক্রবার রাতে তারা এই দাবি থেকে সরে এসে সরকারকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু অভিজিত ভেজ্জাজিভা এ দাবি প্রত্যাখান করায় জোর আন্দোলনের শপথ নেয় বিক্ষোভকারীরা। লাল শার্ট বিক্ষোভকারীদের নেতা জাতুপোর্ন প্রোম্পান জানান, বিক্ষোভকারীদের দখলে থাকা ব্যাংককের কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে শক্তি প্রয়োগে ছত্রভঙ্গ করতে রাজধানীতে নতুন করে আরো পুলিশ নিয়োজিত করা হয়েছে। তিনি রয়টার্সকে বলেন, "আমরা প্রতি জায়গাতেই বাধা দেওয়ার চেষ্টা করবো। তবে মানুষ হত্যা যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। আমরা কারোর মৃত্যু দেখতে চাই না।" ১০ এপ্রিল ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিনের সংঘর্ষে ২৫ জন নিহত ও আটশ'র বেশি মানুষ আহত হয়। লাল শার্টরা জানায়, সরকার তাদের নতুন প্রস্তাবে রাজী হলে তারা ব্যাংককের বাণিজ্যিক এলাকাগুলো থেকে সরে যাবে। ওই এলাকাগুলো তিন সপ্তাহ ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টদের প্রস্তাব প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা শনিবার প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, "এই প্রস্তাবে কেবল বিক্ষোভকারীদের নিজেদের স্বার্থ দেখা হয়েছে।" এর জবাবে লাল শার্টরা নতুন করে বিক্ষোভে ফেটে পড়ে। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচন দেওয়ার আগের দাবিতে ফিরে যায়। সেইসঙ্গে তারা আরও জোর আন্দোলন ও বিক্ষোভের হুশিয়ারি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/এএইচ/এলকিউ/২০০৫ ঘ.