জেরুজালেম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের শান্তি দূত জর্জ মিশেল শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সাথে আলোচনায় বসেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মিশেল প্রথমে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও মধ্য বামপন্থী লেবার পার্টির নেতা এহুদ বারাকের সাথে বৈঠক করেন।
ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রলি বৃহস্পতিবার জানিয়েছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে কথা বলার পরই মিশেল কে ওই অঞ্চলে নতুন মিশনে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টান টান সম্পর্কের বিষয়ে মিশেল সোমবার উদ্বেগ প্রকাশ করে বলেন, সব বিষয়ে পরিবর্তন আনার জন্য আমাদের চেষ্টা করা উচিত।
পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মিশেলের বৈঠক করার কথা।
এর আগে পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণ নিয়ে বর্তমানে সৃষ্ট অচলাবস্থা নিরসনে নেতানিয়াহু অস্থায়ী সীমানার ফিলিস্তিনি রাষ্ট্রের প্রস্তাব করেছেন।
কিন্তু শীর্ষস্থানীয় একজন ইসরায়েলি কর্মকর্তা পত্রিকার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24