ব্যাংকক, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্যাংককে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় লাল শার্টদের বিক্ষোভের মুখে পিছু হটেছে দাঙ্গা পুলিশ।
বৃহস্পতিবার কয়েক দফা গ্রেনেড হামলায় ৩ জন নিহত এবং অন্তত ৭৫ জন আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ এই কৌশল অবলম্বন করে।
থাই টেলিভিশন জানায়, লাল শার্টদের প্রতিরোধস্থলে গিয়ে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু লাল শার্টরা তাতে অস্বীকৃতি জানায়।
প্রত্যক্ষদর্শী রয়টার্সের আলোকচিত্রী জানান, বিক্ষোভকারীরা গাড়ির টায়ার এনে তাতে আগুন ধরিয়ে দেয়।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখান থেকে চলে যায়। লাল শার্টরাও সিলোম এলাকায় স্থাপিত তাদের প্রতিরোধ প্রাচীরের পেছনে ক্যাম্পে ফিরে যায়।
বৃহস্পতিবারের গ্রেনেড হামলার জন্য সরকার লাল শার্টদেরও দায়ী করছে। কিন্তু সরকারের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে লাল শার্ট নেতারা।
গত ১০ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে লাল শার্টদের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত ও ৮শ' জন আহত হয়। ওই ঘটনার ১২ দিন পর গ্রেনেড হামলার ঘটনা ঘটল।
বৃহস্পতিবার কয়েকটি গ্রেনেড বিস্ফোরণের ফলে লাল শার্ট বিক্ষোভকারী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হাজার হাজার সেনার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারী অস্ত্রসজ্জিত সৈন্য দ্বারা সুরক্ষিত এলাকায় পাঁচটি বিস্ফোরণ হয়েছে। এসব এলাকায় রয়েছে ব্যাংক, অফিস ভবন এবং হোটেল।
এর ফলে লাল শার্ট বিক্ষোভকারীদের নতুন করে লড়াইয়ের প্রস্তুতির মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
ব্যাংককের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা অভিমুখে সরকার বিরোধী হাজার হাজার লাল শার্ট বিক্ষোভকারীর পদযাত্রা বন্ধ করতে গত সোমবার থেকে শত শত থাই সেনা এম-১৬ রাইফেল নিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছে।
বিস্ফোরণ স্থলের অল্প দূরেই থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক হাজার হাজার বিক্ষোভকারী দেশীয় জিনিসপত্র দিয়ে প্রাচীর সৃষ্টি করে বিক্ষোভ করছে। এ এলাকা থেকে লাল শার্টদের সরিয়ে দিতে সেনাবাহিনী যে কোনো সময় তৎপর হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের চেষ্টা করা হলে তা ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়ে লাল শার্ট বিক্ষোভকারীরা জানায়, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জজিভা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেই কেবল তারা ব্যাংকক ছেড়ে যাবে।
এদিকে, এই জটিল পরিস্থিতিতে কয়েক রঙে তৈরি শার্টধারী একটি গোষ্ঠী লাল শার্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার ব্যাংককের পুরাতন এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে এই সমাবেশ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১২৮ ঘ.
bdnews24