ব্যাংকক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকায় বৃহস্পতিবার কয়েকদফা গ্রেনেড বিস্ফোরণে ৩ জন নিহত এবং অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছে। হাসপাতাল এবং থাইল্যান্ডের গণমাধ্যম এ তথ্য জানায়।
লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে সেনাদের মুখোমুখি অবস্থানের মধ্যে এ বিস্ফোরণে উত্তেজনা আরো বেড়েছে।
সশস্ত্র সেনাদের কড়া পাহারায় থাকা ওই বাণিজ্যিক এলাকায় ৫ টি বিস্ফোরণ ঘটেছে। এতে দুই বিদেশিসহ অন্ততপক্ষে ৪ জন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী, হাসপাতালের কর্মকর্তা ও সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানায়।
থাইল্যান্ডের সবচেয়ে বড় শ্যারন পোকফন্দ কৃষিপণ্য ব্যবসায়ী গ্র"পের সদরদপ্তরের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। আরেকটি বিস্ফোরণ ঘটে দুসিত থানি হোটেলের কাছে।
প্রায় ১০/১২ টি এম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের অনেকেই গ্রেনেডের শার্পনেলে আহত হয়েছে। টেলিভিশনে দেখানো হয়েছে, ফুটপাত রক্তে ভিজে রয়েছে, অফিসের জানাগুলোয় রক্তের দাগ, হট্টগোলপূর্ণ পরিবেশ। শোকাহত এলাকাবাসীরা আহতদের এম্বুল্যান্সে তুলে দিচ্ছে।
কর্নেল শেনসার্ন কাওকামার্দ রয়টার্সকে বলেছেন, এম-৭৯ গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে। একই ধরনের গ্রেনেড বিস্ফোরণ ঘটেছিল ১০ এপ্রিলে সেনাদের সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের সংঘর্ষের সময়। ওই সংঘর্ষে ২৫ জন নিহত হয়।
শেনসার্ন বলেন, গ্রেনেডটি এমন জায়গায় বিস্ফোরিত হয়েছে যেখানে প্রায় ৫০০ সরকারসমর্থক জমায়েত হয়েছিল।
বিস্ফোরণের ব্যাপারে পাঁচ জনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী অভিজিত বেজ্জাজিভা সামরিক বাহিনীর নেতাদের সঙ্গে জরুরী নিরাপত্তা বৈঠক করেছেন।
এর আগের খবরে প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণে এক থাই মহিলাসহ কমপক্ষে একজন বিদেশি আহত হওয়ার কথা জানায়।
ব্যাংককের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা অভিমুখে সরকার বিরোধী হাজার হাজার লাল শার্ট বিক্ষোভকারীর পদযাত্রা বন্ধ করতে গত সোমবার থেকে শত শত থাই সেনা এম-১৬ রাইফেল নিয়ে এলাকাটি দখলে রেখেছে।
বিস্ফোরণ স্থলের অল্প দূরেই থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক হাজার হাজার বিক্ষোভকারী দেশীয় জিনিসপত্র দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করছে। তাদের ওপর যে কোনো সময় সেনাবাহিনীর দমনাভিযানের আশঙ্কা রয়েছে।
১০ এপ্রিল সেনাবাহিনী অন্য একটি স্থান থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও ৮শ' জন আহত হয়। এরপরও দুপক্ষের কেউই দাবি মানতে রাজি থাকার কথা জানায়নি।
এ এলাকা থেকে লাল শার্টদের সরিয়ে দিতে সেনাবাহিনী যে কোনো সময় তৎপর হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় বিক্ষোভকারীদের নেতা কয়াঞ্চি সারাকাম বলেন, "সরকার ২৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে বলে আমরা সরকারের ভেতরের সূত্র থেকে জানতে পেরেছি।"
এ ধরনের চেষ্টা করা হলে তা ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়ে লাল শার্ট বিক্ষোভকারীরা জানায়, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জজিভা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেই কেবল তারা ব্যাংকক ছেড়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/এএইচ/এলকিউ/বিসিএস/২৩১৬ঘ.
bdnews24