২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তর কোরিয়ার টর্পেডোয় ডুবেছে দক্ষিণ কোরিয় জাহাজ'

উত্তর কোরীয় টর্পেডোর আঘাতেই গত মাসে দক্ষিণ কোরীয় নৌ বাহিনীর জাহাজটি ডুবে গিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন বিশ্বাসই করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

সিউল, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরীয় টর্পেডোর আঘাতেই গত মাসে দক্ষিণ কোরীয় নৌ বাহিনীর জাহাজটি ডুবে গিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন বিশ্বাসই করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ বৃহস্পতিবার এ খবর প্রচার করেছে। জাহাজ ডুবির ঘটনায় পিয়ংইয়ং জড়িত বলে দক্ষিণ কোরিয়া যে অভিযোগ করেছে, ইয়োনহ্যাপের প্রতিবেদনে সেই বিষয়টিই সুষ্পষ্ট বলে আভাষ মিলছে। ওই ঘটনার পরপরই সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ থেকে প্রেসিডেন্টের ব্লু হাউসে পাঠানো প্রতিবেদনে উত্তর কোরিয়ার 'নিশ্চিত' জড়িত থাকার কথা জানানো হয় বলে শীর্ষস্থানীয় এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় ইয়নহ্যাপ। ওই সূত্রের বরাত দিয়ে বলা হয়, " উত্তর কোরিয়ার সব সাবমেরিনই ২০০ কেজি ওয়ারহেড সমৃদ্ধ ভারী টপের্ডোয় সুসজ্জিত। সামরিক গোয়েন্দারা খতিয়ে দেখেছে যে, ভারী টর্পেডো দিয়েই হামলা চালিয়েছে উত্তর কোরিয়া।" এতে আরও বলা হয়, "জাহাজডুবির পর তাৎক্ষণিকভাবেই ব্লু হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল সামরিক গোয়েন্দাদের পক্ষ থেকে। যেখানে স্পষ্টভাবেই উত্তর কোরিয়ার জড়িত থাকার কথা উল্লেখ ছিল।" এ প্রতিবেদন নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। জাহাজডুবির ওই ঘটনায় ৪৬ জন নাবিক নিহত হয়। ১২ শ' টন ধারণক্ষমতা সম্পন্ন ওই জাহাজটি দ্রুত উদ্ধারের চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া এবং জাহাজডুবির কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেয়। বিশ্লেষকদের ধারণা, জাহাজডুবির পেছনে যদি উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণ মেলে, তারপরও তাদের বিরুদ্ধে তেমন কিছুই করতে পারবে না দক্ষিণ কোরিয়া। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০২ ঘ.