২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ নাগাদ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানি ক্ষেপণাস্ত্র

ইরান ২০১৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ইরানের সামরিক বাহিনী নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইরান ২০১৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ইরানের সামরিক বাহিনী নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনটি সোমবার কংগ্রেসে পাঠানো এবং প্রকাশ করা হয়। চলতি মাসের এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পর্যাপ্ত বৈদেশিক সহায়তা পেলে ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং পরীক্ষা করতে পারে। এর আগে কংগ্রেসে গোপনে এ প্রতিবেদন পাঠানো হয়। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিবিড়ভাবে লক্ষ্য করে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং এজন্য ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির জন্য তারা চাপ দিচ্ছে। ইরান বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচি ব্যবহার করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , ইরানের পরমাণু কর্মসূচি এবং পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রাখাটা তাদের প্রতিরক্ষা কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৪৮ ঘ.