কান্দাহার, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্র্র দূতাবাসের মুখপাত্র শুক্রবার জানিয়েছে, এই হামলায় কোন বিদেশী নাগরিক মারা যায়নি।
আগের খবরে বলা হয়েছিল, এই বোমা হামলায় জার্মান ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রাণ হারিয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিদেশী নাগরিকদের আবাসিক এলাকায় এই বোমা হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ক্যাইটলিন হেইডেন জানিয়েছেন, কোন বিদেশী নাগরিক মারা যায়নি। বিদেশী নাগরিকের প্রাণহানির যে আশঙ্কা করা হয়েছিল তা ভুল।
তিনি জানান, বৃহস্পতিবার কান্দাহারের এই বোমা হামলায় আহতদের মধ্যে কমপক্ষে দুইজন মার্কিন নাগরিক আছেন।
ব্রিটেন জানিয়েছে, একজন বেসামরিক বৃটিশ এই হামলায় আহত হয়েছেন।
পশ্চিমা মুখপাত্ররা বলেছেন, নিহতরা কোন দেশের নাগরিক তা এখন ও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
কান্দাহার প্রদেশের গভর্নর তোরিয়ালাই ওয়েসা বলেছেন, তিনজন আফগান নাগরিক মারা গেছেন। বিদেশী নাগরিকসহ ২৬ জন আহত হয়েছে।
আগের সংবাদে কর্মকর্তারা জানিয়েছিলেন, বোমা হামলায় বিদেশী নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই বলেছিলেন, কান্দাহারে দুটি বোমা হামলার একটিতে তিন বিদেশী নাগরিক প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/বিবি/কেএমএস/১৭২০ঘ.
bdnews24