নয়াদিল্লী, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যে প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে নিখোঁজদের অনেকেই ধ্বংসস্তুপে চাপা পড়ে মারা গেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলো এ কথা জানায়।
আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী এ অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয়।
বঙ্গোপসাগর থেকে সৃষ্ট এ কালবৈশাখী ঝড় মঙ্গলবার রাতে বিহার ও পশ্চিমবঙ্গে আঘাত হানলে পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসে এক লাখেরও বেশি ঘর বাড়ি ধ্বংস হয়, নষ্ট হয় ভুট্টা ও গমের ক্ষেত। পানি ও বিদ্যুৎ লাইন কাটা পড়ে এবং শত শত গাছ উপড়ে পড়ার পাশাপাশি শত শত গবাদি পশু মারা যায়।
জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা দল এক প্রতিবেদনে বলেছে, "কালবৈশাখীতে বিহার ও পশ্চিমবঙ্গের শত শত ঘরবাড়ি মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতের সংখ্যা এখন ১৩৬ এ পৌঁছেছে।"
রাস্তা না থাকা এবং ছোট খাটো সেঁতু কালভার্ট ভেঙ্গে পড়ায় উদ্ধারকর্মীরা এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে পারছে না।
সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে এবং সেইসঙ্গে তারা শুকনো খাবার এবং কাপড় বিতরণ করছে।
তবে ঝড়ের পর তিন দিন পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের কাছে কোনও ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন ত্রাণকর্র্র্মীরা।
অ্যাকশন এইডের অংশীদার জবা ভট্টাচার্য বলেন, "পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৯৫ ভাগ ঘর বাড়িই ধ্বংস হয়ে গেছে। নারী ও শিশুরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। তাদের পরনের কাপড় নাই এবং তাদের খাদ্য প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৩৪ঘ.
bdnews24