খার্তুম, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানে ২৪ বছর পর রোববার প্রথম বহুদলীয় নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ।
উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে গৃহযুদ্ধ অবসানে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় একযোগে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং প্রাদেশিক পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সুদানের নড়বড়ে জাতীয় ঐক্যের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে এ নির্বাচনকে। তবে নির্বাচনকে ঘিরে এখনই জালিয়াতির অভিযোগ উঠেছে।
কয়েকটি ভোটকেন্দ্রে হট্টগোল হয়েছে। দক্ষিণাঞ্চলের রাজধানী জুবায় সেখানকার প্রেসিডেন্ট সালভা কিরকে ভোট কেন্দ্র খোলার জন্য একটি গাছতলায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়। কিন্তু ভোটটি ভুল ব্যালট বাক্সে ফেলায় তার প্রথম ভোট নষ্ট হয়ে গেছে।
খার্তুমে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়ায়। কড়া পুলিশ পাহারা থাকায় রাস্তাঘাট শান্ত ছিল।
পুলিশ জানিয়েছে, ভোট গ্রহণ চলবে তিনদিন ধরে। এ সময় ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদানের উত্তরাঞ্চল জুড়ে মোতায়েন থাকবে ১ লাখ কর্মকর্তা। ভোটে দেশের প্রেসিডেন্টসহ আধা-স্বায়ত্ত্বশাসিত দক্ষিণ সুদানের প্রধান, পার্লামেন্ট সদস্য ও গভর্নরদের নির্বাচিত করা হবে।
পশ্চিমাঞ্চলীয় দারফুর প্রদেশে যুদ্ধাপরাধ পরিকল্পনার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু ভোটে তিনিই আবার ৪ বছর মেয়াদে নির্বাচিত হবেন এটি একরকম নিশ্চিত।
সুদানের নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আবদাল্লাহ আহমেদ আবদাল্লাহ বলেন, "আমরা জানি এখানে কোন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় না। এবারও এর ব্যাতিক্রম হবে না।"
এ নির্বাচন রাতারাতি সুদানকে গণতান্ত্রিক সমাজে পরিণত করবে এমনটি নয়। এটি অভিজ্ঞতা ও সময়সাপেক্ষ ব্যাপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24