মুম্বাই, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছর দ্বিতীয় বারের মতো ন্যানো গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্স জানিয়েছে, বুধবার পরিবেশকের কাছে হস্তান্তর করার জন্য গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় এতে আগুন ধরে যায়।
টাটা মোটর্সের মুখপাত্র জানান, সমস্যাটি তদন্ত করে দেখছে কোম্পানি।
তিনি বলেন, "আমরা নিশ্চিত যে নকশা ত্র"টির জন্য এ রকম কিছু ঘটছে না। আমরা ব্যাপারটি আরও খতিয়ে দেখছি।"
প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করার পরই কেবল ন্যানো বাজারে ছাড়া হয়েছে বলেও তিনি জানান।
গত মাসে পশ্চিম মুম্বাইয়ে এ ধরনের একটি ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমে বলা হয়, সে সময় ক্রেতাকে বুঝিয়ে দেওয়ার কয়েক মিনিট পরেই ন্যানো গাড়িটিতে আগুন ধরে যায়।
গত সপ্তাহে টাটার অভ্যন্তরীণ কার্যক্রম শাখার ব্যবস্থাপনা পরিচালক পিএম টেলাং সাংবাদিকদের বলেন, মুম্বাইয়ের আগুন লাগার ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
তিনি বলেন, "আমরা আগুন লাগার কারণ এখনও তদন্ত করছি।"
২০০৮ সালে নয়া দিল্লির একটি গাড়ি প্রদর্শনীতে সর্বপ্রথম বিশ্বের সবচেয়ে কমদামি ন্যানো গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেয় টাটা মোটর্স। পরে গত বছরের জুলাই মাসে গাড়িটি বিক্রির জন্য বাজারে আসে। বর্তমানে ৩০ হাজারেরও বেশি ন্যানো রাস্তায় চলছে।
গত বছর কয়েকটি ন্যানো গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটলে টাটা মোটর্সের পক্ষ থেকে বলা হয়েছিল, ত্র"টিপূর্ণ ইগনিশন সুইচের জন্যই এমনটা ঘটছে। তারা এসব যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানও বদলে ফেলে।
টাটা পরিকল্পনা করছে আগামী বছর ইউরোপে এবং আগামী তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ইঞ্জিন যুক্ত ন্যানো গাড়ি বিক্রি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১২৫৫ঘ.
bdnews24