কাবুল, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে নির্বাচনে জালিয়াতি নিয়ে পশ্চিমাদের চাপের মুখে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাচনী কর্মকর্তা। এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
আফগানিস্তানে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে পদত্যাগের এ পদক্ষেপে ভোট জালিয়াতি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান মুখপাত্র ওয়াহীদ ওমর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, " ইনডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের পরিচালক আজিজুল্লাহ লুদিনের মেয়াদ শেষ হয়ে গেছে। তা আর বাড়ানো হবে না।"
আর প্রধান নির্বাচনী কর্মকর্তার কথা উল্লেখ করে ওমর বলেন, "দাউদ আল নাজাফিও পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।"
আফগানিস্তানে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগের পর আন্তর্জাতিক চাপের মুখেই এ পদত্যাগ।
প্রেসিডেন্ট নির্বাচনে কারজাই জিতলেও নির্বাচনে অনিয়ম সামাল দিতে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ব্যাপক সমালোচনার শিকার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.
bdnews24