২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাইবারচরদের খপ্পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সাইবার গুপ্তচর দল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য চুরি করেছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার কার্যালয় থেকে ই-মেইলও চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

বেইজিং, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সাইবার গুপ্তচর দল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য চুরি করেছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার কার্যালয় থেকে ই-মেইলও চুরি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে কানাডার এক গবেষকদল এ তথ্য প্রকাশ করে। 'শ্যাডোস ইন দ্য ক্লাউড' শিরোনামে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, তারা নির্দিষ্ট কম্পিউটারে প্রবেশ করতে টুইটার, গুগলের গুগুল গ্র"প ও ইয়াহু মেইলসহ জনপ্রিয় অনলাইন সার্ভিসগুলো ব্যবহার করেছে। চীনের কমান্ড ও কন্ট্রোল সার্ভারের সঙ্গে যোগাযোগের নির্দেশনায়ই মূলত তারা একাজ পরিচালনা করেছে। গবেষকরা চুরি হওয়া যে সমস্ত তথ্য উদ্ধার করেছেন তাতে দেখা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের অত্যন্ত স্পর্শকাতর কিছু তথ্য চুরি হয়েছে। এর মধ্যে আরও রয়েছে তিব্বত, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং মাওবাদী বিদ্রোহ সম্পর্কিত ব্যাখ্যা-বিশ্লেষণমূলক গোপন তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের দূতাবাসগুলো থেকে চুরি করা গোপন দলিলে রয়েছে পশ্চিম আফ্রিকা, রাশিয়া, সাবেক সোভিয়েত রিপাবলিক ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ক গোপন তথ্য। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতাংসু কর বলেছেন, "আমরা হ্যাকিং প্রতিবেদন সম্পর্কে শুনেছি এবং সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের 'মাঙ্ক স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স' এর গবেষকরা লিখেছেন, "আমরা এ প্রতিবেদনে এ শ্যাডো নেটওয়ার্কের সঙ্গে পিপলস রিপাবলিক অব চায়না (পিআরসি) বা অন্য কোনও দেশের সরকারের জড়িত থাকার আলামত পাইনি।" "কিন্তু যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এ শ্যাডো নেটওয়ার্ক বন্ধ করতে চীন কোন পদক্ষেপ নেবে কিনা" প্রতিবেদনে উপসংহার টেনে গবেষকরা বলেছেন, চীনের অপরাধ জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরাই খুব সম্ভবত এ নেটওয়ার্কটি পরিচালনা করছে এবং তথ্যগুলো চীন সরকারের বিভিন্ন শাখায় পাঠানো হয়ে থাকতে পারে। প্রতিবেদন সম্পর্কে কয়েকটি প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ বলেছেন, আমি জানিনা তারা কি তথ্য-প্রমাণ পেয়েছে এবং তাদের উদ্দেশ্যই বা কী। তিনি বলেন, চীন সরকারকে এ সমস্ত প্রমাণ দেওয়া হলে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে। তিনি আরও বলেন, "আমাদের নীতি খুব পরিস্কার। আমরা হ্যাকিংসহ সব ধরনের ইন্টারনেট অপরাধের চরম বিরোধী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৮ ঘ.