২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্লাবিত কয়লা খনিতে ১১৪ শ্রমিক উদ্ধার

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি প্লাবিত হওয়ার পর আটকে পড়া শ্রমিকদের মধ্যে ১১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 08:03 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

জিয়াংনিং, চীন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি প্লাবিত হওয়ার পর আটকে পড়া শ্রমিকদের মধ্যে ১১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ শ্রমিককে সোমবার উদ্ধার করা হয়। প্রাদেশিক শ্রম নিরাপত্তা বিভাগের প্রধান লুয়ো লিন ওই খনির প্রবেশপথে সিনহুয়া সংবাদ সংস্থাকে বলেন, "চীনের খনি দূর্ঘটনার ইতিহাসে এই উদ্ধার ঘটনা অলৌকিক।" কর্মকর্তারা বলেছেন, সানজি প্রদেশের জিয়াংনিংয়ে অবস্থিত ওয়াংজিয়ালিং খনিতে এক সপ্তাহ আগে এই প্লাবন দেখা দেয়। খনিটি এখনও অসম্পূর্ণ রয়েছে। এক দুর্ঘটনায় ভুগর্ভস্থ উৎস থেকে পানির প্রবাহ এসে খনিটি ভাসিয়ে দেয়। কর্মকর্তারা জানান, এতে ১৫৩ জন শ্রমিক আটকা পড়ে। এর মধ্যে ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, খনিতে আরো অনেক শ্রমিক আটকা রয়েছে। সরকার খনি থেকে পানি অপসারণ করে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য ৩ হাজার উদ্ধারকর্মী নিয়োগ করেছে। গত শুক্রবার খনির একটি পাইপ দিয়ে শ্রমিকদের আওয়াজ শোনা যায়। এর আগ পর্যন্ত ধারণা করা হচ্ছিল হয়তো কেউ বেঁচে নেই। সিনহুয়া জানায়, দ্রুত পানি সরানো শুরু হলে পানির স্তর অনেকটাই নিচে নেমে যায়। এরপর উদ্ধারকর্মীরা খনিতে প্রবেশ করে নয় জনকে উদ্ধার করতে সক্ষম হয়। সিনহুয়া আরো জানায়, এক সপ্তাহ খনিতে আটকে থাকার পরও তাদের রক্তচাপ এবং হৃদস্পন্দন গতি স্বাভাবিক ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় তাদের ত্বকে ক্ষত সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৩৫৫ঘ.