নিউইয়র্ক, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বাজারে এসেই শনিবার সাড়া জাগিয়েছে বিখ্যাত কোম্পানি অ্যাপলের নতুন আইপ্যাড। যার নাম দেওয়া হয়েছে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার।
ল্যাপটপ এবং স্মার্ট ফোনের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে নতুন প্রযুক্তির এ আইপ্যাডে।
নিউইয়র্ক সিটির ৫ম এভিনিউয়ে অ্যাপলের নিজস্ব বিক্রয়কেন্দ্রের সামনে আইপ্যাড বাজারে আসার প্রথম দিনেই এটি কিনতে স্থানীয় সময় সকাল ৯ টা থেকে লাইন দিয়েছে ক্রেতারা। ভর্জিনিয়ার রিচমন্ডে অ্যাপল স্টোরের সামনে ভিড় করে প্রায় ১০০ ক্রেতা।
প্রতিটি আইপ্যাডের দাম ধরা হয় ৪৯৯ থেকে ৮২৯ ডলারের মধ্যে।
এটি ৯ দশমিক ৭ ইঞ্চির (২৫ সে.মি.) টাস স্ক্রিন ডিভাইস। এতে গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা, ইন্টারনেট ব্রাউজ করা ও ই-বুক পড়া যাবে। আইপড টাচ ও আইফোনের পরবর্তী সংস্করণ হচ্ছে আইপ্যাড।
মোবাইল ফোন এবং ল্যাপটপ দুয়েরই কাজ দেবে এটি। শনিবার ক্রেতাদের অনেকেই এটি কেনার পরপরই পরীক্ষা করে দেখেন। কেউ কেউ দ্রুত বন্ধুবান্ধব ও পরিবারকে ইমেইল পাঠিয়ে নতুন এই আইপ্যাড পরীক্ষা করেন।
ম্যানচেস্টার থেকে আইপ্যাড কিনতে আসা এক অঙ্কের শিক্ষক কক্স আইপ্যাডের আকৃতি দেখে বলেন, এটি যে এত ছোট তা তিনি ভাবতেই পারেননি।
কক্সের উক্তি, "এটি বহন করতে খুবই সুবিধা হবে। আমি যেখানেই যাই এটি যে সঙ্গে করে নিয়ে যাব তাতে কোনও সন্দেহ নেই।"
অ্যাপলের নতুন আইপ্যাড বাজারে ছাড়ার ঘোষণা গত জানুয়ারিতেই দিয়েছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। এটি প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব বয়ে আনবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রে প্রথম এটি বাজারে ছাড়া হয়। আর ক্রেতারও তা কিনতে উন্মুখ হয়ে ওঠেন।
বিশ্লেষকরা বলছেন, কোম্পানি আইপ্যাডটি বাজরে ছাড়ার আগেই ৪০ থেকে ৭০ লাখ ক্রেতার অর্ডার পেয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/ ১৯৫৫ ঘ.
bdnews24