২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার তোড়জোড়

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। আর এক্ষেত্রে একত্রে কাজ করতে চীনেরও সম্মতি মিলেছে বলে দাবি করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 06:54 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

জাতিসংঘ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চালাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। আর এক্ষেত্রে একত্রে কাজ করতে চীনেরও সম্মতি মিলেছে বলে দাবি করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সম্মেলনে চীনের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। রাইস বলেন, "চীন অন্য পরাশক্তিগুলোর সঙ্গে নিউ ইয়র্কে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে রাজি হওয়ায় প্রথমবারের মতো ইরানের ওপর অবরোধ আরোপ বিষয়ে নিরাপত্তা পরিষদের সব সদস্য আলোচনায় বসছে।" তবে তিনি বলেন, "এটা অগ্রগতি হলেও আলোচনা এখনো শুরু হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন এ প্রস্তাবে কোন কোন বিষয়গুলো থাকা দরকার সে সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাগুলো জানিয়েছি আমরা। একটি খসড়া করেছি এখন সে বিষয়ে চূড়ান্ত আলোচনা করবো। যা খুবই জরুরি।" রাইস আরও জানান, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সামনে দিনগুলোতে ইরানের ওপর সত্যিকার অর্থে চাপ সৃষ্টি করে এমন একটি অবরোধের জন্য নিবিড়ভাবে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জানান, কয়েকমাস নয় কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর নতুন অবরোধ চান তিনি। ইরানের ওপর নতুন অবরোধ আরোপের বিষয়ে চীনের সম্মতি জরুরি, কেননা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ফ্রান্সের মতো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনেরও ভেটো ক্ষমতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১২৫৩ ঘ.