২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে ৬ জঙ্গি নিহত

ভারত শাসিত কাশ্মীর সীমান্তে সেনাবাহিনীর গুলিতে ৬ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 08:19 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

শ্রীনগর, মার্চ ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত শাসিত কাশ্মীর সীমান্তে সেনাবাহিনীর গুলিতে ৬ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনী জানায়, এই নিয়ে গত চার দিনে সেনারা তৃতীয়বারের মত জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বলেন, হিমালয় পার্বত্য এলাকার পাসগুলোতে বরফ গলা শুরু হওয়ার পর পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যরা কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে ভারত শাসিত অংশে প্রবেশের চেষ্টা জোরদার করেছে। এর ফলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জে এস বিরার বলেন, 'গত চার দিনে এটা জঙ্গিদের তৃতীয় দফা ভারতে অনুপ্রবেশের চেষ্টা যা সেনারা ব্যর্থ করে দিয়েছে।' এ সপ্তাহের শুরুর দিকে ভারতীয় সেনাদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়। শনিবার শ্রীনগরের উত্তরে কেরন সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপর জঙ্গিদের সঙ্গে সেনাদের প্রচন্ড লড়াই হয়। এই নিয়ন্ত্রণ রেখা কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করেছে। পুলিশ জানায়, অন্যত্র সেনাবাহিনীর সঙ্গে দুটি লড়াইয়ের ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার চার সদস্য নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৪০৮ঘ.