ব্যাংকক, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত লাল শার্টরা এতদিন অহিংস পথে আন্দোলন চালিয়ে গেলেও শনিবার তারা সে পথ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে।
প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার পদত্যাগ দাবিতে আন্দোলনরত লক্ষাধিক লাল শার্ট বিক্ষোভকারী ব্যাংককে মোতায়েন নিরাপত্তারক্ষীদের রাজপথ থেকে হঠিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ব্যাংককে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নির্বাচনের দাবিতে রাজধানী ব্যাংককের ঐতিহাসিক প্রাণকেন্দ্রে আটটি পয়েন্টে তারা জড়ো হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলার শপথ নিয়েছে।
লাল শার্টদের এই তৎপরতার মুখে সংঘর্ষ এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ত্যাগ করে।
আন্দোলনকারী নেতা নাত্তাউত সাইকুয়া সমবেত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, "আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাই আসলে চুড়ান্ত স্থান। যদি হেরে যাই তবে আমাদের স্থান হবে জেলখানায়, আর যদি জিতে যাই তবে ফিরে পাব গণতন্ত্র।"
২০০৬ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক বলে পরিচিত এসব বিক্ষোভকারী মূলত দেশটির গ্রামাঞ্চলের দরিদ্র জনগণ। যারা নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরেই অহিংস আন্দোলন করে গেলেও সামরিক সমর্থনপুষ্ট অভিজিতের সরকার এ ব্যাপারে কর্ণপাত করছে না।
বিশ্লেষকরা অবশ্য বলছেন, আন্দোলনের নেতারা মূলত উভয় সঙ্কটে পড়েছে। হয় তাদের অহিংস আন্দোলনের ধারা বজায় রাখতে হয় এবং এতে সরকারের তেমন কিছুই এসে যায় না। অন্যদিকে, অহিংসতা পরিত্যাগ করে সহিংস পথে সরকারের টুটি চেপে ধরা। এতে করে আবার এ আন্দোলনের প্রতি যে জনসমর্থন দ্রুত জেগে উঠেছে, সহিংসতার কারণে তা আর নাও থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৪৫ঘ.
bdnews24