কাবুল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তালেবানরা প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জঙ্গী গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনায় জড়িত নয়। তালেবানদের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
পশ্চিমা বাহিনী আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত তালেবানরা আলোচনায় বসতে রাজি হবে না বলে জানান তিনি।
সোমবার কাবুলে প্রথমবারের মত হামিদ কারজাই দেশের অন্যতম প্রধান জঙ্গীগোষ্ঠী হেজাব-ই-ইসলামী দলের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেন। এই জঙ্গি দলটি তালেবানদের প্রতিদ্বন্দ্বী দল। সোমবার কারজাইয়ের অফিস সূত্রে একথা জানা যায় ।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তালেবানদের সাথে আলোচনায় বসা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পরাস্ত হওয়ার পরও তালেবানরা এখনও অনেক শক্তিশালী।
তালেবানদের এক মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন,পশ্চিমা বাহিনী আফগানিস্তানে থাকলে কোন আলোচনাই সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা অনেকবার বলেছি, যতক্ষণ আফগানিস্তানে বিদেশী বাহিনী থাকবে ততক্ষণ কোন আলোচনা হবে না। তারা প্রতিদিনই নিরীহ আফগানদের হত্যা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৪৭ ঘ.
bdnews24