নয়া দিল্লি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আদালতে মুম্বাই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করার পর মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে জেরা করতে চাইছে ভারত। শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম এ কথা জানান।
মার্কিন আদালতে ৪৯ বছর বয়সী হেডলি ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে হামলার প্রস্তুতিতে সহযোগিতার কথা স্বীকার করেন। ওই হামলায় ১৬৬ জন নিহত হয় এবং এতে ভারত ও পাকিস্তানের মধ্যকার আনুষ্ঠানিক শান্তি আলোচনা ভেঙ্গে যায়।
চিদাম্বরম জানান, মার্কিন কর্তৃপক্ষ হেডলির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করলেও নয়া দিল্লির আরও প্রশ্ন রয়ে গেছে এবং যথাসময়ে তার বিরুদ্ধে অভিযোগ আনারও প্রস্তুতি নেয়া হচ্ছে। ভারত তাকে জেরা করতে চাইছে এবং যথাসময়ে তাকে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন,"হেডলিকে আমাদের দেশে আনার আশা আমরা ছাড়ব না। তার কাছে আমাদের আরও অনেক প্রশ্ন আছে এবং তার কাছ থেকে আমরা আরও অনেক তথ্য পেতে পারি। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে অথবা জেরা করার অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাব আমি ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসএইচ/এলকিউ/১৮৫১
bdnews24