ওল্ডহ্যাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে অপহৃত হওয়ার পর মুক্তিপ্রাপ্ত পাঁচ বছরের ব্রিটিশ শিশু সাহিল সাঈদ বাড়ি ফিরে গেছে।
নর্দার্ন ইংল্যান্ডে তাদের বাড়িতে বৃহস্পতিবার সাহিল তার মায়ের কোলে ফিরে যায়।
সাহিল ইসলামাবাদ থেকে তার বাবার সঙ্গে ইংল্যান্ডে ফেরে এবং ওল্ডহ্যাম শহরে তাদের বাড়িতে যায়।
মা আকিলা নাক্কাস ছেলেকে পেয়ে বুকে টেনে নেন। এক পর্যায়ে তিনি সাহিলকে কোলে নিয়ে বাড়ির বাইরে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন।
সাহিলের বাড়ি ফেরা উপলক্ষে ছোটখাটো এক উৎসবের আয়োজন করা হয়। প্রতিবেশিরা সাহিলদের বাড়ির সামনে 'স্বাগতম সাহিল'
লেখা ব্যানার টানিয়ে দেয়।
সাহিল যখন বাড়ি ফিরছিলো তখন তার খেলার সাথী ও বন্ধুরা হর্ষধ্বনী দিয়ে তাকে বরন করে নেয়। প্রতিবেশিরা এ সময় আতশবাজি পোড়ায়।
ইসলামাবাদ থেকে দেশে ফেরার আগে সাহিলের বাবা রাজা সাঈদ এক বিবৃতিতে বলেন, সাহিদের অবস্থা ভালো এবং সে স্বাভাবিক রয়েছে।
সাহিল ঘরে ফেরার পর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে তার অপহরণ বিষয়ে কোন কথা বলেননি।
সাহিল তার বাবার সাঙ্গে পাকিস্তানে পাঞ্জাবের ঝিলামে বেড়াতে এসেছিলো। ঝিলাম শহরে বন্দুকধারীরা সাহিলকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা এক কোটি রুপি মুক্তিপণ দাবি করে।
অপহৃত হওয়ার ১২ দিন পর সাহিল মুক্তি পায়। মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হয়।
এ অপহরণের ঘটনাটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেএমএস/১২২০ঘ.
bdnews24