গাজা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস)- ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার জবাবে ইসরায়েল শুক্রবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।
গাজায় ছয়টি লক্ষ্যস্থলে এই বিমান হামলা চালানো হয়। হামাস নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান।
ইসরায়েলি জঙ্গি বিমানগুলো গাজার মিসর সীমান্তসংলগ্ন তিনটি স্থানে তিন দফা হামলা চালায়। একটি স্থানে তিনজন আহত হয়েছে।
গাজা সিটির কাছে একটি ধাতব কারখানায় এবং খান ইউনিসে একটি উন্মুক্ত স্থানে বিমান হামলা চালানো হয়। খবরে পাঁচটি স্থানের নাম উল্লেখ করা হলেও অপর একটি স্থানের কথা বলা হয়নি।
ছয়টি স্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
এর আগে ফিলিস্তিনি জঙ্গিরা বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালায়। এতে একজন কৃষক নিহত হয়। আনসার আল-সুন্না নামের অপরিচিত একটি জঙ্গি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৫০ঘ.
bdnews24