২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে তিন শিশুর জন্ম ও মৃত্যু হার বাড়ছে

একসঙ্গে তিন শিশু জন্মদান ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে এসব শিশুর মৃত্যু হারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

লন্ডন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একসঙ্গে তিন শিশু জন্মদান ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে এসব শিশুর মৃত্যু হারও। জন্ম নেওয়া এক শিশুর চেয়ে একসঙ্গে জন্মানো একাধিক শিশুর মৃত্যুহার ১০ গুণ বেশি। বুধবার এক গবেষণায় নরওয়ের বিজ্ঞানীরা একথা জানিয়েছেন। গবেষকরা জানান, গবেষণার ফলাফল ইউরোপের অন্যান্য জায়গায়ও একই হবে বলে মনে করছেন তারা। তারা বলেন, গর্ভধারণের জন্য হরমোন জাতীয় ওষুধ সেবন এবং মা হওয়ার গড় বয়স বেড়ে যাওয়ার কারণেই মূলত একসঙ্গে তিন শিশু জন্মদান বাড়ছে। তারা জানান, এ রকম জন্মদানের ঘটনা কমাতে এ ধরনের চিকিৎসা পদ্ধতি আরও নিয়ন্ত্রণ করা জরুরি। গবেষণায় ১৯৬৭ ও ২০০৬ সালের মধ্যে গর্ভধারণের ২০ লাখেরও বেশি ঘটনা বিশ্লেষণ করে দেখা হয় নরওয়েতে। এতে দেখা গেছে, গত ৪০ বছরে এক শিশু, যমজ ও তিন শিশুর মৃত্যুহার কমে আসলেও এক শিশু জন্মদানের চেয়ে তিন শিশু জন্মদানের ক্ষেত্রে মৃত্যু হার এখনও ১০ গুণ বেশি। বার্গেনের হকল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষক অ্যানি ট্যান্ডবার্গ বলেন, "উন্নত ধাত্রীবিদ্যা এবং মাতৃমঙ্গল সেবা দেওয়া গেলে এসব অতি অপরিণত শিশুর মৃত্যু ঠেকানো যায়। তবে যমজ এবং এক শিশুর তুলনায় তিন শিশুর ক্ষেত্রে এটি ততটা কার্যকর নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৮ ঘ.