জেরুজালেম, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বসতিস্থাপন নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে পূর্বনির্ধারিত ইসরাইল ও পশ্চিম তীর সফর পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল।
মিচেল অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্য সফর স্থগিত করেছেন বলে মঙ্গলবার জানিয়েছে ওয়াশিংটন।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর ক্ষেত্র প্রস্তুতের জন্য মিচেল এ সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন মিচেলের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ আলোচনা কখন শুরু হবে সেটি পরিস্কার নয়।
যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন ইহুদি বাড়ি নির্মাণ প্রকল্প বন্ধ না করার ঘোষণা দেওয়া নিয়ে দু'দেশের মধ্যে গভীর সংকটের মধ্যে মিচেল মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা বাদ দিলেন।
ওদিকে, পূর্ব জেরুজালেমে ইসরাইলের প্রাচীন একটি ইহুদী ধর্মীয় উপসনালয় সংস্কারের পদক্ষেপকে কেন্দ্র করে মঙ্গলবার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে, টায়ার জ্বালায় ও আবর্জনার স্তুপে আগুন দেয়। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
এই সহিংসতা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরুর প্রচেষ্টায় আরেকটি প্রতিবন্ধকতা।
পূর্ব জেরুজালেমের হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে ৪০ ফিলিস্তিনি ও দুই পুলিশ আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২০ ঘ.
bdnews24