বেইজিং, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ ৭৪ সেন্টিমিটার আকৃতির (২৯ ইঞ্চি) চীনের হে পিংপিং হৃদযন্ত্রের জটিলতায় ভুগে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক একথা জানিয়েছে।
জন্মগতভাবেই পিংপিংয়ের বামনত্ব ছিল। ২০০৮ সালে খর্বাকৃতির জন্য তিনি গিনেস রেকর্ড বুকে স্থান করে নেন। গত শনিবার রোমে একটি টিভি শো'তে অংশগ্রহণকালে মারা যান তিনি।
লন্ডনভিত্তিক গিনেস বিশ্ব রেকর্ডের প্রধান সম্পাদক এক বিবৃতিতে বলেন, এত বেশি খর্বাকৃতির জন্য পিংপিং গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছিলেন।
পিংপিং ১৯৮৮ সালে চীনের উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। বিবিসি সূত্র অনুযায়ী, দুই সপ্তাহ আগে বক্ষব্যাধিতে আক্রান্ত হওয়ায় পিংপিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোমবার গিনেস তার মৃত্যুসংবাদ ঘোষণা করেছে।
পিংপিং অতিরিক্ত ধূমপান করতেন এবং তার পরিবার জানায়, ১৮ বছর বয়সের পর তার আর কোন দৈহিক বৃদ্ধি ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24