কাবুল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সাথে শান্তি সংলাপের বিষয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার ভিডিও ফোন কথোপকথনের মাধ্যমে তারা এই আলোচনা করেন বলে কারজাইয়ের অফিস সূত্রে জানা গেছে ।
ওবামা তার পূর্বসুরী সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের চেয়ে কারজাইয়ের সাথে কম যোগাযোগ করে থাকেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এখনও আফগানিস্তান সফরে যাননি।
কারজাইয়ের অফিসের এক বিবৃতিতে বলা হয়, কারজাই এই ভিডিও কলে ওবামার কাছে শান্তি প্রক্রিয়া ও জাতীয় পুনর্গঠন বিষয়ে আফগানিস্তানের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
কারজাই এ বছর তালেবানের সাথে সংলাপে পৌঁছানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান মিলিশিয়া ৮ বছর আগে তালেবানকে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করার পরও তাদের উত্থান ঘটেছে।
নিু ও মধ্য পর্যায়ের তালেবান নেতাদের নিরস্ত্র করার জন্য ওয়াশিংটন সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু তালেবানের উচ্চ পর্যায়ের নেতাদের টিকির দেখাও মেলেনি। যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধ ক্ষেত্রে সাফল্য এলেই কেবল তাদের পাওয়া সম্ভব।
আফগানিস্তান যুদ্ধে আরও গতি আনার জন্য প্রেসিডেন্ট ওবামা গত ডিসেম্বরে দেশটিতে আরও ৩০ হাজার সৈন্য পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৫৫০ঘ.
bdnews24