২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ভোট গণনা শুরু, দু একদিনের মধ্যেই ফলাফল

ইসলামি জঙ্গিদের ব্যাপক সহিংসতার মধ্যে রোববার অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 10:03 AM

Updated : 24 Aug 2022, 07:22 PM

বাগদাদ, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামি জঙ্গিদের ব্যাপক সহিংসতার মধ্যে রোববার অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা সোমবার শুরু হয়েছে। ভোট চলাকালে জঙ্গিদের হামলায় ৩৮ জন প্রাণ হারায়। নির্বাচনী ফলাফল আগামী দু একদিনের মধ্যেই প্রকাশিত করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নূরী আল মালিকির দল স্টেট অব ল কোয়ালিশন বাগদাদ ও শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছে। সরকারের মুখপাত্র এবং স্টেট অব ল-এর প্রার্থী আলী আল-দাব্বাগ বলেন, "বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশে স্টেট অব ল কোয়ালিশন অন্য দলগুলোর চেয়ে এগিয়ে আছে।" তবে মালিকি তার সাবেক শিয়া ইসলামি মিত্র ইরাকি ন্যাশনাল এলায়েন্সের (আইএনএ) কাছ থেকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন। ক্ষমতাশালী সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিল (আইএসসিআই) জানিয়েছে, প্রাথমিক ভোট গণনায় মালিকি এবং আইএনএ-এর মধ্যে ভোটের ব্যবধান খুব সামান্য। সংখ্যালঘু সুন্নিদের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির দল প্রতিদ্বন্দ্বিতায় তিন নম্বরে আছে বলে আইএসসিআই তাদের ওয়েবসাইটে জানায়। দীর্ঘ দিন ধরে কুর্দিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণকারী প্রেসিডেন্ট জালাল তালাবানির পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানকে (পিইউকে) বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সংস্কারবাদী গোরান দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএস/১৬০৩ঘ.