২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ভোটের দিনে জঙ্গি হামলায় নিহত ৩৮

ইরাকে রোববার পার্লামেন্ট নির্বাচনের দিনে জঙ্গিদের বোমা ও রকেট হামলায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। চলমান সহিংসতার মধ্যেই ভোট দিয়েছে ইরাকিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

বাগদাদ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে রোববার পার্লামেন্ট নির্বাচনের দিনে জঙ্গিদের বোমা ও রকেট হামলায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। চলমান সহিংসতার মধ্যেই ভোট দিয়েছে ইরাকিরা। ইরাকে নিরাপত্তা বাহিনী এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে পরীক্ষার মুখে ফেলেছে এ হামলার ঘটনা। ভোটারদের ভীত সন্ত্রস্ত করতে বাগদাদ ও অন্যান্য নগরীতে দফায় দফায় মর্টার হামলা চালিয়েছে জঙ্গিরা। ভোটকেন্দ্রগুলোর কাছে রকেট বিস্ফোরণ এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে। সুন্নি মুসলিম জঙ্গিরা ভোট বানচাল করার অঙ্গীকার করার পর দফায় দফায় এ হামলা চালায়। বাগদাদের তিনতলা একটি এপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণে ২৫ জন নিহত হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধার করেছে। আরেকটি আবাসিক ভবনে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে এবং রকেট, মর্টার ও রাস্তার ধারে বোমা হামলায় নিহত হয়েছে আরও ৯ জন। ১০ ঘন্টার ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫ টায়। ফল প্রকাশ হতে তিনদিন লেগে যেতে পারে। জাতিসংঘ কর্মকর্তারা একথা বলেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাবি ইতিমধ্যে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছেন। সুন্নি ইসলামি জঙ্গিদের হামলার হুমকির মুখে কঠোর নিরাপত্তার মধ্যে রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়। ভোট চলাকালে বাগদাদ ও দেশের অন্যান্য স্থানে বিশেষ করে সুন্নি অধ্যুষিত শহর ও এলাকাগুলোতে মর্টারের গোলা ও বোমা বিষ্ফোরণের শব্দ শোনা যায়। জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠীতে বিভক্ত ইরাকে ২০০৩ সালের পর এটি দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। প্রধানমন্ত্রী নুরী আল-মালিকি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। সুরক্ষিত গ্রীন জোনে ভোটদান শেষে মালিকি বলেন, আজ যিনি জয়ী, কাল তিনি হতে পারেন পরাজিত। আজ যিনি পরাজিত. কাল তিনি হতে পারেন জয়ী। তিনি সকলের প্রতি ভেদাভেদ ভুলে ভোটের ফলাফল মেনে নেওয়ার আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/এলকিউ/১৪২০ঘ.