জাতিসংঘ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে রাজী করানোর বিষয়ে শুক্রবার বৈঠক করেছে শক্তিধর ছয় দেশ। তবে চীন স্পষ্টভাষায় বলেছে, তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করার বদলে আলোচনা অব্যাহত থাকুক এটাই চীন আশা করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি সাংবাদিকদের বলেন, "চাপ প্রয়োগ এবং আলোচনা চালিয়ে যাওয়া-এই দুই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।" তিনি কূটনীতি ও অবরোধ-এই দুই নীতির কথা উল্লেখ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও এবং জার্মানি ইরানের ওপর এই দুই নীতিই প্রয়োগ করেছে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ বন্ধ করতে রাজী না হওয়ায় পরিষদের পশ্চিমা সদস্য রাষ্ট্রগুলো ইরানের ওপর চতুর্থ দফায় সম্ভাব্য অবরোধ আরোপের বিষয় নিয়ে আলোচনা করছে।
নতুন এ পদক্ষেপ নেওয়া হলে রাশিয়া সমর্থণ করবে বলে ইঙ্গিত দিয়েছে। তবে চীন সম্ভাব্য এই পদক্ষেপের বিরোধিতা করছে।
নিরপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন যেকোনো নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দিতে পারে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ সপ্তাহে বলেছেন, তার দেশ স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে জ্বালানিতে পরিণত করার জন্য ফ্রান্স ও রাশিয়ায় পাঠাতে প্রস্তুত। ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের সম্ভাবনা সংক্রান্ত যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্ময়করভাবে আহমাদিনেজাদ এ কথা বলেন। এর আগে ইরান এ ধরনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ওই নথিপত্রে জানা যায়, ইরানের কেন্দ্রীয় ব্যাংক, বিপ্লবি গার্ড বাহিনী ও জ্বালানি খাতে এ অবরোধ আরোপ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩১০ঘ.
bdnews24