২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান, পশ্চিমাদের সঙ্গে চুক্তি করবে না তালেবানরা

আফগানিস্তানে শান্তি ফেরাতে সেদেশের সরকার কিংবা পশ্চিমাদের সঙ্গে তালেবানরা কোনও চুক্তিতে যাবে না। উপরন্তু তালেবান যোদ্ধারা হাতের নাগালে থাকা জয় ছিনিয়ে আনতে জীবন দিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

কাবুল, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে শান্তি ফেরাতে সেদেশের সরকার কিংবা পশ্চিমাদের সঙ্গে তালেবানরা কোনও চুক্তিতে যাবে না। উপরন্তু তালেবান যোদ্ধারা হাতের নাগালে থাকা জয় ছিনিয়ে আনতে জীবন দিয়ে যাবে। শুক্রবার একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তালেবানরা একথা বলেছে। এতে তারা কারও সঙ্গেই সহযোগিতা করার অঙ্গীকার করেনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মাসে অনুষ্ঠিত লন্ডন সম্মেলনে তালেবানদেরকে শান্তি পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানান এবং তালেবান যোদ্ধাদেরকে চাকরি ও অর্থ দিয়ে সমাজে পুনর্বাসিত করার পরিকল্পনা পেশ করেন। কারজাইয়ের প্রস্তাবিত এ শান্তি আলোচনার ব্যাপারে তালেবানদের ওই বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এর আগে তালেবানরা প্রাথমিকভাবে রয়টার্সকে জানিয়েছিল আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে তারা শিগগিরই সিদ্ধান্ত জানাবে। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে না যাওয়া পর্যন্ত শান্তি আলোচনায় বসার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তালেবানরা। বিবৃতিতে তারা বলেছে, "গত ৮ বছর ধরে ইসলামিক আমিরাত জিহাদ, দেশ, জনগণ জাতীয় ও ইসলামিক স্বার্থে কোনও পক্ষের সঙ্গেই সহযোগিতা করার কোনও আগ্রহ দেখায়নি।" "আর এখন জয় হাতের নাগালে থাকতে তারা কোনও আইনগত, মূল্যহীন চুক্তি করতে প্রস্তুত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ ঘ.