ওয়াশিংটন, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলার চেষ্টাকারী নাইজেরীয় তরুণ ওমর ফারুক আব্দুল মুতালাব যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই মুতালাবের আত্মীয়দের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে তাকে সহযোগিতা করার অনুরোধ জানানোর জন্য।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা ওই হামলা প্রচেষ্টা খতিয়ে দেখার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও পরীক্ষা করে দেখছেন। তারা জানান, আগামী ছয় মাসের মধ্যে আল কায়েদা এবং তার সহযোগীরা আবারও যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা করতে পারে এটি একরকম নিশ্চিত।
এফবিআই এজেন্টরা নাইজেরিয়া থেকে আব্দুলমুতালাবের আত্মীয় স্বজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে তথ্য দিতে রাজি করানোর জন্য। ২৫ ডিসেম্বরের ওই বোমা হামলা পরিকল্পনা কিভাবে করা হয়েছিল এবং আরও হামলার পরিকল্পনা আছে কিনা সে সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে তার কাছ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন।
ইয়েমেন ভিত্তিক আল কায়েদা শাখার সহযোগিতায় বিমানে বোমা হামলার চেষ্টা চালানোর অভিযোগ আছে মুতালাবের বিরুদ্ধে।
ওই কর্মকর্তা বলেন," সে আমাদের সহযোগিতা করে যাবে এ ব্যাপারে আমার আস্থা আছে।" কিন্তু কী কারণে মুতালাব সহযোগিতা করতে রাজি হয়েছেন তা ভেঙে বলেননি তিনি।
এর আগে এফবিআই এজেন্টরা এক ঘণ্টা ধরে মুতালাবকে জিজ্ঞাসাবাদ করার পর সহযোগিতা করা বন্ধ করে দেন তিনি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধানমূলক বই মিরান্ডা রাইটস পড়তে থাকেন। ফলে ওবামা প্রশাসন বিরোধী রিপাবলিকানদের পাশাপাশি নিজ দল ডেমোক্রেটদেরও সমালোচনার মুখে পড়ে।
অন্তর্বাসের ভিতরে বোমা নিয়ে আমস্টার্ডাম থেকে ডেট্রয়েটগামী বিমানে ওঠা মুতালাবের বিরুদ্ধে বোমা হামলা চেষ্টার অভিযোগ এনেছে সরকারি আইনজীবীরা। তবে বেশ কিছু আইনজীবীর মত মুতালাবকে সামরিক আদালতে বিচার করা হোক এবং তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য এফবিআই পরিবর্তে সেনা গোয়েন্দাদের পরামর্শ দিচ্ছেন।
তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,"আব্দুলমুতালাব কথা বলছেন এবং গত সপ্তাহ তিনি প্রয়োজনীয় কার্যকরী অনেক তথ্য দিয়েছেন। যার ওপর ভিত্তি করে আমরা আমাদের তদন্ত এগিয়ে নিতে পারছি।"
মুতালাব এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার বাকি জীবন কারাগারেই কাটবে। তবে এফবিআইকে সহযোগিতা করার পুরস্কার হিসেবে কিছু সাজা কমতে পারে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24