গোয়াহাটি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) প্রধান অরবিন্দ রাজখোয়া জামিনে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার ভারতের গোয়াহাটির আদালত সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধ আইনের মামলায় তাকে জামিন দেয়।
উলফার সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তাকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে আসামের রাজ্য সরকার আদালতে ঘোষণা দেয়, রাজখোয়াকে জামিন দেওয়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
ইতিমধ্যে উলফা'র রাজনৈতিক উপদেষ্টা ভীমকান্ত বুরাগোহাইন, সহসভাপতি প্রদীপ গোগোই, প্রচার সম্পাদক মিথিঙ্গা দাইমারি, সাংস্কৃতিক সম্পাদক প্রণতি দেকা ও সামরিক উপ প্রধান জামিনে ছাড়া পেয়েছেন।
গত বছর ৩০ নভেম্বর রাজখোয়াকে তার পরিবারের সদস্যসহ বাংলাদেশে আটক করা হয় বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে গত ২ ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়, তাদেরকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাজখোয়াকে ভারতের কাছে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো অপরাধী প্রত্যার্পণ চুক্তি না থাকায় উলফা এর প্রতিবাদ জানিয়েছিল।
অবশ্য ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) জানিয়েছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী ডাউকি থেকে রাজখোয়াকে তার স্ত্রী ও দুই সন্তানসহ গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার ব্যক্তিগত দেহরক্ষী এবং উলফা'র সামরিক শাখার উপপ্রধান রাজু বডুয়াকে গ্রেপ্তার করা হয় বলেও জানায় বিএসএফ।
পরে তাদেরকে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানানো হয়।
নয়াদিল্লি পরবর্তীতে ঘোষণা দেয় রাজখোয়াকে মেঘালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অরবিন্দ রাজখোয়ার বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর নাকচ করে দিয়েছিলেন।
বিডিনিউজা টোয়েন্টিফোর ডটকম/এনটি/আরএন/জেবি/পিডি/২১৪৮ ঘ.
bdnews24