২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট

ধর্ষণের অভিযোগে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে তেল আবিবের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ধর্ষণের অভিযোগে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে তেল আবিবের আদালত। ২০০৬ সালে কাতসাভের বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পুলিশী তদন্তে বের হয়ে আসে কাতসাভ কমপক্ষে ১০ জন মহিলাকে যৌন হয়রানি করেছেন। যার মধ্যে তার অধীনে কাজ করা এক নারী কর্মীর দুটি ধর্ষণ মামলাও আছে। ২০০৬ সালেই পুলিশ তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনে। পরবর্তীতে তাতে দোষীও সাব্যস্ত হন তিনি। আর এ বছর ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ধর্ষণের সব অভিযোগেই দোষী সাব্যস্ত হলেন কাতসাভ। কিন্তু সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন। সাবেক এক সহকর্মীকে দুবার ধর্ষণ এবং অন্য আরো দুইজনকে যৌন হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছেন কাতসাভ। কাতসাভ ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার তেল আবিবের জেলা আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি ৬৫ বছর বয়স্ক কাতসাভ। আদালত তাৎক্ষণিকভাবে কাতসাভের সাজা ঘোষণার কোনো দিন জানায়নি। তবে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার কমপক্ষে ৪ বছরের কিংবা সর্বোচ্চ ১৬ বছরের জেল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৫ ঘ.