২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জ্যাকসনের মৃত্যু আত্মহত্যা' দাবি করতে পারেন চিকিৎসক

'অনিচ্ছাকৃত হত্যা'র অভিযোগে পপসম্রাট মাইকেল জ্যাকসনের চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজেকে বাঁচাতে ওই চিকিৎসক জ্যাকসনের মৃত্যুকে 'আত্মহত্যা' বলে দাবি করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

লস এঞ্জেলেস, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'অনিচ্ছাকৃত হত্যা'র অভিযোগে পপসম্রাট মাইকেল জ্যাকসনের চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজেকে বাঁচাতে ওই চিকিৎসক জ্যাকসনের মৃত্যুকে 'আত্মহত্যা' বলে দাবি করতে পারেন। লস এঞ্জেলেস-এর ডেপুটি অ্যাটর্নি ডেভিড ওয়ালগ্রেন বুধবার এ আভাস দেন। আগামী সপ্তাহ থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আদালতে জ্যাকসনের চিকিৎসক ডা. কনরাড মুরির বিরুদ্ধে দায়ের করা এই মামলা সম্পর্কিত তথ্য-প্রমাণ পর্যালোচনা চলাকালে ডেপুটি অ্যাটর্নি ওয়ালগ্রেন বলেন, তিনি বিশ্বাস করেন, আইনজীবীরা তাকে (ডা. মুরি) রক্ষা করতে ওই তত্ত্বের (আত্মহত্যা) দিকেই যাবেন, যা দীর্ঘ সময় ধরেই বিবেচনা করা হচ্ছে। আদালত কক্ষের বাইরে ওয়ালগ্রেনের বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মুরির আইনজীবী জে. মাইকেল ফ্লানাগান। সাংবাদিকদের ফ্লানাগান বলেন, "আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করছি না। মি. ওয়ালগ্রেন এমন ভাবতে পারেন।" ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সী সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন মারা যান। মাত্রাতিরিক্ত ওষুধের কারণে তার মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে জানানো হয়। ২০০৯ সালের জুলাইয়ে একটি কনসার্টের প্রস্তুতির আগে ডা. কনরাড মুরি জ্যাকসনের চিকিৎসক হিসেবে দায়িত্ব পান। তিনি জ্যাকসনের ঘুমের ওষুধ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে 'অনিচ্ছাকৃত হত্যা'র অভিযোগ কখনোই স্বীকার করেননি ডা. মুরি। আগামী ৪ জানুয়ারি মুরির বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক শুনানি হওয়ার কথা। পূর্ণ শুনানির জন্য ডা. মুরির বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে কিনা তা ওই প্রাথমিক শুনানি শেষে বিচারকরা নির্ধারণ করবেন। প্রাথমিক শুনানিতে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীদের ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৩ ঘ.