২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে

পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সোমবার তাদের দুই মন্ত্রীর পদত্যাগের কথা ঘোষণা করেছে। এতে হুমকির মুখে পড়েছে ইতোমধ্যেই নাজুক অবস্থায় থাকা পাক সরকারের স্থিতিশীলতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

করাচি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সোমবার তাদের দুই মন্ত্রীর পদত্যাগের কথা ঘোষণা করেছে। এতে হুমকির মুখে পড়েছে ইতোমধ্যেই নাজুক অবস্থায় থাকা পাক সরকারের স্থিতিশীলতা। এক বিবিৃতিতে এমকিউএম বলেছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে দুই মন্ত্রীর পদত্যাগ। এরপর ফেডারেল সরকার এবং প্রাদেশিক সিন্ধু সরকারে এমকিউএম থাকবে কিনা সে সিদ্ধান্ত খুব শিগগিরিই নেওয়া হবে। দেশে দুর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দব্যমূল্য বৃদ্ধিই এ সিদ্ধান্তের কারণ বলে জানিয়েছে এমকিউএম। করাচিতে এমকিউএম প্রভাবশালী রাজনৈতিক দল। পাকিস্তানে নানা সমস্যা সমাধানে অগ্রগতির অভাব এবং এমকিউএম এর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে প্রেসিডেন্ট জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) যথেষ্ট আলাপ-আলোচনা না করাও অসন্তোষের কারণ বলে উল্লেখ করেছে দলটি। দলের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পদক্ষেপেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আমাদের দুই মন্ত্রী পদত্যাগ করছেন। তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকা হবে কিনা এবং প্রাদেশিক সরকারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে খুব শিগগিরিই। এমকিউএম এর এ ঘোষণায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান সরকারের ভবিষ্যৎ। তালেবান বিরোধী অভিযান এবং অর্থনৈতিক সঙ্কট নিয়ে সরকার ইতোমধ্যেই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কোন্দলে সরকার অস্থিতিশীল হয়ে উঠলে তা জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমকিউএম এর আগে গত মাসে পাকিস্তান সরকারের আরেকটি শরিক দল জামিয়াত উলেমা ইসলাম (জেইউআই) বিরোধীদলে যোগ দেওয়ার ঘোষণা দেয়। আর এখন এমকিউএম বিরোধীদলে শামিল হলে পার্লামেন্টে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। এতে করে পাকিস্তানে আগাম নির্বাচনের পট প্রস্তুত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৬ ঘ.