মস্কো, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার কারান্তরীণ ধনকুবের মিখাইল খোদরকভস্কির বিচারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নাক গলানোর অভিযোগ তুলেছে মস্কো।
এ ধরনের প্রচেষ্টা মেনে নেওয়া যায় না উল্লেখ করে রাশিয়া পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেনো নিজের চরকায় তেল দেয়।
খোদরকভস্কিকে ২য় বারের মতো বিচার করে কারাদণ্ড দেওয়াটা বিশেষ কাউকে উদ্দেশ্য করে আদালতকে ব্যবহারের চেষ্টা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো।
কিন্তু পশ্চিমাদের এ মন্তব্য ভিত্তিহীন বলে এক বিবৃতিতে উড়িয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
খোদরকভস্কিকে সোমবার বিলিয়ন বিলিয়ন ডলার চুরি ও পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত।
আদালতের রায়ে বলা হয়, খোদরকভস্কি এবং তার সাবেক বিজনেস পার্টনার প্লাটন লেবেদেভ দুজনই অর্থ পাচার এবং তেলের তহবিল চুরির জন্য দোষী।
কর এড়িয়ে যাওয়া ও জালিয়াতি সংক্রান্ত আরেকটি অপরাধের দায়ে খোদরকভস্কি ইতোমধ্যেই ৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
এটি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২য় বিচার। সরকারি আইনজীবীরা ইউকস তেল কোম্পানির সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য অতিরিক্ত আরো ছয় বছরের জেল চাইছেন।
কিন্তু আদালত ইতোমধ্যেই খোদরকভস্কির বিরুদ্ধে যে রায় দিয়েছে তাতে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি ক্রেমলিনের প্রতিশ্র"তি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে পশ্চিমা বিশ্ব। তারা এদিকটি গভীরভাবে নজরে রাখছে বলেও জানিয়েছে।
এরই পাল্টা প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় খোদরকভস্কির মামলা রাশিয়ার নিজস্ব বিচারিক ক্ষমতার আওতাধীন উল্লেখ করে বলেছে, "আদালতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া যায় না। আমরা আবারো দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেককে নিজ নিজ চরকায় তেল দেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24