ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল তুষারঝড়ের কারণে ক্রিসমাস পরবর্তী ব্যস্ত সময়ে বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় কয়েকটি বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। বন্ধ থাকা কয়েক হাজার ফ্লাইট পুনরায় চালু হয়েছে।
তবে প্রায় লক্ষাধিক যাত্রীকে পরিবহনে নিয়োজিত ফ্লাইটের জট কাটাতে কয়েকদিন সময় লাগবে বলে সতর্ক করে দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিমান পরিচালনা সংস্থাগুলো নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়ার ফ্লাইটগুলো আবার চালু করেছে বলে বিবিসি মঙ্গলবার জানিয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে নিউ ইয়র্কের জে এফ কেনেডিসহ তিনটি বিমানবন্দর পুনরায় তাদের ফ্লাইট চালু করেছে। এ ছাড়া বোস্টন ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দুটিও চালু হয়েছে।
সোমবার ভোর থেকে এসব বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়। ফলে হাজার হাজার যাত্রী ব্যাপক দুর্ভোগে পড়েন।
রবি ও সোমবার এই দুইদিনে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল করা হয়।
ফ্লাইট বাতিল হওয়ায় বিমান পরিবহন সংস্থাগুলোর ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।
তুষারপাতের ফলে রেল ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24